কানাইঘাটে ভারতীয় চোরাই পণ্যবাহী পিকআপের ধাক্কায় স্কুলছাত্র আইসিইউতে ভর্তি
সিলেটের কানাইঘাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভারতীয় চোরাই পণ্যবাহী একটি বেপরোয়া পিকআপের ধাক্কায় অভিরাজ কুমার রুহন (৯) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের লাল মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহত অভিরাজ উপজেলার বাউরভাগ (২য় খণ্ড) গ্রামের বাসিন্দা এবং উপজেলা এনসিপির সাধারণ সম্পাদক দিলীপ কুমারের ছেলে। সে স্থানীয় সুরাইঘাট শাহজালাল একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটি শেষে একটি ব্যাটারিচালিত টমটমে (ইজিবাইক) করে বাড়ি ফিরছিল অভিরাজ। পথিমধ্যে লাল মসজিদ এলাকায় পৌঁছামাত্র সীমান্তবর্তী সোনারতনপুঞ্জি এলাকা থেকে আসা ভারতীয় চোরাই পণ্যবাহী একটি টাটা পিকআপ বেপরোয়া গতিতে টমটমটিকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটমটি দুমড়েমুচড়ে যায় এবং অভিরাজসহ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনায় অভিরাজের মাথায় প্রচণ্ড আঘাত লাগলে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট নগরীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
শিক্ষার্থীর বাবা দিলীপ কুমার জানান, তাঁর ছেলের মাথায় মারাত্মক রক্তক্ষরণ হয়েছে এবং অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কানাইঘাট থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান জানান, স্থানীয়রা বিষয়টি থানপুলিশকে অবহিত করার পর আমরা পিকআপ ও ড্রাইভারকে আটক করতে অভিযান চালাচ্ছি। তাছাড়া এই ঘটনায় এখনো পর্যন্ত থানা লিখিত কোনও অভিযোগ দেয়া হয়নি।
এদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য পরিবহনে নিয়োজিত পিকআপ ও মোটরসাইকেলগুলো দিন-রাত বেপরোয়া গতিতে চলাচল করে। এদের নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এ ধরনের চোরাই পণ্যবাহী গাড়ির চাপায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি অন্তত দুজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। স্থানীয়রা দ্রুত এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

