জগন্নাথপুরে ‘বাংলা কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা
নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেন জনপ্রিয় করার লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘বাংলা কিউআর বাস্তবায়ন’ সংক্রান্ত বর্ণাঢ্য র্যালি, মতবিনিময় সভা ও সচেতনতামূলক প্রচারণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এবং ব্যাংক এশিয়া পিএলসি জগন্নাথপুর শাখার ব্যবস্থাপনায় এ কর্মসূচি পালিত হয়।
সকাল ১০টায় ব্যাংক এশিয়ার জগন্নাথপুর শাখার সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংক এশিয়া পিএলসি সিলেট পূর্বাঞ্চলের জোনাল হেড মো. নাজমুস সাকীবের সভাপতিত্বে এবং দি সিটি ব্যাংকের ব্যবস্থাপক নবরূপা ধর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের জগন্নাথপুরের সহকারী প্রোগ্রামার অসীম চক্রবর্তী।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল, ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক জহির উদ্দিন বাবর এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক ওমর ফারুক প্রমুখ।
সভায় প্রধান অতিথি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, স্মার্ট অর্থনীতি বিনির্মাণে প্রযুক্তিনির্ভর আর্থিক লেনদেনের কোনো বিকল্প নেই। নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে বাংলাদেশ ব্যাংক ‘বাংলা কিউআর’ চালু করেছে। এটি একটি সর্বজনীন ও সমন্বিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। যেকোনো ব্যাংকের অ্যাপ বা এমএফএস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) ব্যবহার করে একটিমাত্র কিউআর কোড স্ক্যানের মাধ্যমেই ক্রেতারা কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন।
বক্তারা আরও জানান, এই ব্যবস্থার ফলে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, মুদি দোকানদার এবং ফুটপাতের হকাররাও কোনো ধরনের বাড়তি খরচ বা পিওএস (POS) মেশিন ছাড়া ডিজিটাল লেনদেনের আওতায় আসতে পারবেন। এটি আর্থিক লেনদেনে শতভাগ স্বচ্ছতা ও গতি নিশ্চিত করবে।
মুক্ত আলোচনা পর্বে স্থানীয় ব্যবসায়ীদের পক্ষে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে বিভিন্ন মতামত ও প্রশ্ন তুলে ধরেন ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর পৌরসভার কর্মকর্তা সতীশ গোস্বামী এবং হাসান লাইব্রেরির স্বত্বাধিকারী সামসুল ইসলামসহ অনেকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দিয়ে সবাইকে দ্রুত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সেমিনারে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
