সুনামগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, করলেন বিয়ে
সুনামগঞ্জের ধর্মপাশার এক তরুণীকে বিয়ে করলেন চীনের এক যুবক। প্রেমে সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে জানিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
ওই তরুণীর নাম কুশবু বেগম। তিনি পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। বর ঝংলং চীনের আনহুই প্রদেশের সুসং কাউন্টির পুলিয়াং টাউনের বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা যায়, কুশবু বেগমের সঙ্গে ঝংলংয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। রোববার (২২ নভেম্বর) ঢাকায় তাদের বিয়ে হয়। সোমবার (২৩ নভেম্বর) রাতে বিষয়টি জানাজানি হলে এলাকায় এ নিয়ে আলোচনা শুরু হয়।
পাইকুরাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, চীনা যুবকের সঙ্গে আমার ওয়ার্ডের বাসিন্দা খুশবু বেগমের বিয়ে হয়েছে বলে শুনেছি। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা হচ্ছে।

