সিলেটে দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হ ত্যা, স্ত্রী কারাগারে
সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে মসজিদের ইমাম স্বামী রুহুল আমিনকে হত্যার দায়ে স্ত্রী নাদিয়া বেগম ওরফে লতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ জালাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নাদিয়া বেগম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত নাদিয়া বেগম ওরফে লতি (৪৫) সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার বশিয়া খউরী (তোতা লন্ডনীর বাড়ি) গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে। নিহত রুহুল আমিন (৩৭) গোলাপগঞ্জ উপজেলার লামাদমজা গ্রামের মো. শাহিদুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ঘটনার সাত-আট বছর আগে রুহুল আমিনের সঙ্গে নাদিয়া বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের কোনো সন্তান না হওয়ায় রুহুল আমিন দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ১৯ অক্টোবর রাত ১টা থেকে দেড়টার মধ্যে নাদিয়া বেগম স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন। হত্যার পর মরদেহ খাটের নিচে লুকিয়ে রেখে পরদিন স্বামী নিখোঁজ হয়েছেন বলে প্রচার করতে থাকেন।
একপর্যায়ে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা পুলিশকে খবর দেন। পরে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে রুহুল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাদিয়া বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নিহতের বাবা মো. শাহিদুর রহমান বাদী হয়ে নাদিয়া বেগম ওরফে লতিকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ আগস্ট গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু সাঈদ পিপিএম একমাত্র আসামি নাদিয়া বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের নম্বর ১৫০। পরবর্তী সময়ে আদালতে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন। ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় নাদিয়া বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক, বাদীপক্ষে অ্যাডভোকেট শংকর লাল দাস এবং আসামিপক্ষে অ্যাডভোকেট হাসিনা মমতাজ মামলা পরিচালনা করেন।

