ভারতীয় গরু-মহিষ ও মাদকসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল আটক করেছে ৪৮ বিজিবি
সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গবাদিপশু, খাদ্যপণ্য, মাদক ও যানবাহনসহ ৩০ লাখ ৮৪ হাজার টাকার চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বিভিন্ন বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সিলেট সীমান্ত এলাকার বিছনাকান্দি, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, তামাবিল এবং সংগ্রাম বিওপির সদস্যরা পৃথক অভিযান চালান। অভিযানে ভারত থেকে অবৈধ পথে আনা গরু, মহিষ, টমেটো, কম্বল, চকলেট, কসমেটিকস সামগ্রী, জুস, বিস্কুট ও নিষিদ্ধ ফেনসিডিল জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলি এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ রসুনের চালান আটক করা হয়।
জব্দকৃত চোরাচালানি এসব মালামাল ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, মাদকদ্রব্য পাচার রোধ এবং যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট শুল্ক কার্যালয় (কাস্টমস) ও থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

