কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হলো মণিপুরিদের রাস উৎসব
শারদীয় পূর্ণিমা তিথিতে নানা রঙের পোশাক, নূপুরের নিক্বণ আর মৃদঙ্গের তালে মুখরিত হয়ে উঠেছে মৌলভীবাজারের কমলগঞ্জ। মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব ‘শ্রীকৃষ্ণের মহারাসলীলা’ ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে রাখাল নৃত্য (গোষ্ঠলীলা)-এর মধ্য দিয়ে শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপ এবং আদমপুরের তেতইগাঁও উন্মুক্ত মঞ্চে একযোগে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। মণিপুরি অধ্যুষিত এ জনপদে চলবে ভোররাত পর্যন্ত চলবে এ মহাযজ্ঞ।
আয়োজক সূত্রে জানা যায়, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায় এবার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে ১৮৪তম রাসলীলা এবং আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের উদ্যোগে ৪১তম রাস উৎসবের আয়োজন করেছে।
উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটেছে কমলগঞ্জে। বর্ণিল সাজে সজ্জিত মণিপুরি পাড়াগুলোতে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। মণ্ডপ প্রাঙ্গণে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ হস্তশিল্পের মেলা। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
আয়োজকরা জানান, দুপুরের শুরুতে পরিবেশিত হয় রাখাল নৃত্য বা গোষ্ঠলীলা, যা গোধূলিলগ্ন পর্যন্ত চলে। এতে রাখালবেশে শ্রীকৃষ্ণের বাল্যকালকে তুলে ধরা হয়। এরপর রাত ১১টা থেকে শুরু হয় মূল আকর্ষণ—মহারাসলীলার নৃত্য। এতে রাধা ও গোপীদের সঙ্গে কৃষ্ণের প্রেমরসাত্মক মধুরলীলা সুর, সঙ্গীত ও অভিনব নৃত্যের মাধ্যমে নিপুণভাবে ফুটিয়ে তোলেন শিল্পীরা। এই রাসনৃত্য বিরতিহীনভাবে ভোররাত পর্যন্ত চলবে।
এর আগে সোমবার সন্ধ্যায় মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে ১৮৪তম রাস উৎসবের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরালী সিংহ স্বপন বলেন, রাখাল নৃত্যের মধ্য দিয়ে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই উৎসব মণিপুরিদের হলেও এখন এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে হাজারো দর্শনার্থী আসেন এই অপূর্ব সংস্কৃতি অবলোকন করতে। প্রতি বছরের মতো এবারও প্রতিটি মণিপুরি পরিবারে কয়েক সপ্তাহ আগে থেকেই ছিল উৎসবের প্রস্তুতি।
