কিশোর অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি: পুলিশ কমিশনার
কিশোর অপরাধমুক্ত সুস্থ সমাজ বিনির্মাণে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সিলেটে ‘বাংলাদেশে কিশোর অপরাধ: সংকট ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মীরবক্সটুলা এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় রোটারি ক্লাব অব সিলেটের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
রোটারি ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম (বিপিএম)।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে রোটারির সঙ্গে সম্পৃক্ত হয়ে সমাজকল্যাণে কাজ করার অভিজ্ঞতা আজও আমাকে অনুপ্রাণিত করে। বর্তমান সময়ে কিশোর অপরাধ একটি জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সংকট নিরসনে রোটারি ক্লাব অব সিলেটের এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী। কেবল আইন প্রয়োগ করে নয়, বরং সামাজিক সচেতনতা ও পারিবারিক অনুশাসন জোরদারের মাধ্যমেই কিশোরদের সঠিক পথে রাখা সম্ভব।
সেমিনারে মূল বক্তা (কি-নোট স্পিকার) হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। তিনি বাংলাদেশে কিশোর অপরাধের বর্তমান চিত্র, মনস্তাত্ত্বিক কারণ এবং তা প্রতিরোধ ও প্রতিকারের উপায় নিয়ে একটি তথ্যবহুল গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, পুলিশ প্রশাসন নিয়মিতভাবে কিশোর গ্যাং ও কিশোর অপরাধের বিস্তার রোধে কাজ করে যাচ্ছে। তবে এ সমস্যা সমূলে উৎপাটন করতে হলে পরিবারের নজরদারি এবং সমাজের সচেতন মহলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রোটারির পিডিজি শহীদ আহমেদ চৌধুরী। সেমিনারে ইভেন্ট চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন পিপি রোটা. ভানুজয় দাশ পিএইচএফ।
ক্লাবের প্রেসিডেন্ট প্রফেসর ডা. হোসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পিপি প্রফেসর ড. নজরুল হক চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পিপি রোটা. মোহাম্মদ রিয়াজুল ইসলাম। অতিথিদের মঞ্চে আসন গ্রহণের আহ্বান জানান ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান রাহুল সরকার।
মুক্ত আলোচনায় নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ কিশোরদের অপরাধপ্রবণতা রোধে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং নৈতিক শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দেন। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
ছবি ক্যাপশন: রোটারি ক্লাব অব সিলেটের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে কিশোর অপরাধ: সংকট ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এসএমপি কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম (বিপিএম)। পাশে মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ।

