সিলেটে ১৯ বিজিবির অভিযানে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় কম্বল ও জিরা জব্দ
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দুটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর বিওপি ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে চোরাকারবারিদের ফেলে যাওয়া মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কম্বল ও আমদানিনিষিদ্ধ ভারতীয় জিরা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় পণ্যগুলো কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

