কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, ১৮০ জনের বিরুদ্ধে মামলা
সিলেটের কানাইঘাটে পুলিশের ওপর হামলা চালিয়ে হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে সদ্য বহিষ্কৃত এক বিএনপি নেতাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার রাতে কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ বাদী হয়ে সরকারি কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে অন্যতম হলেন কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সহসভাপতি আফসর আহমদ। ছিনিয়ে নেওয়া দুই ছাত্রলীগ নেতা হলেন—উপজেলার সাউদগ্রামের মৃত আব্দুল হকের ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য শাহিদ রানা এবং তাঁর নিকটাত্মীয় ছাত্রলীগ নেতা সাদেক আহমদ। শাহিদ রানা বহিষ্কৃত বিএনপি নেতা আফসর আহমদের ছোট ভাই।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা শাহিদ রানা ও সাদেক আহমদকে আটক করে। এ সময় আফসর আহমদের নেতৃত্বে একদল লোক পুলিশের ওপর চড়াও হয় এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করে আটক দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় জড়িত থাকা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে জেলা বিএনপি। এ সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা জেলা নেতৃবৃন্দকে সাধুবাদ জানিয়েছেন।
এদিকে কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত আসামিসহ জড়িতদের গ্রেফতারে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
অভিযোগ প্রসঙ্গে বহিষ্কৃত বিএনপি নেতা আফসর আহমদ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে দাবি করেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না, বরং ঘটনাস্থলে পুলিশকে সহযোগিতা করার চেষ্টা করেছি। তিনি ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

