মাধবপুরে ৭ জটিল রোগে আক্রান্তদের পাশে এমপি ফয়সল, দিলেন অনুদানের চেক
হবিগঞ্জের মাধবপুরে ক্যান্সার, কিডনিসহ সাতটি জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত ৩২ জন রোগীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩২ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে (সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী রোগীদের হাতে সহায়তার চেক তুলে দেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ায় আক্রান্ত ৩২ জন রোগীর প্রত্যেককে চিকিৎসার জন্য এক লাখ টাকা করে মোট ৩২ লাখ টাকার এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির প্রমুখ।
চেক বিতরণকালে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত দরিদ্র পরিবারগুলোর জন্য চিকিৎসার খরচ চালানো অত্যন্ত কঠিন। রাষ্ট্র সবসময় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পাশে রয়েছে। এই আর্থিক সহায়তা রোগীদের উন্নত চিকিৎসা নিতে সহায়ক হবে।
