গুলশানসহ সারাদেশে আওয়ামী লীগ বিক্ষোভের সাহস পাচ্ছে জামায়াতের কারণে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ গুলশানে বিক্ষোভ মিছিল করেছে। জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগের কারণেই তারা এ ধরনের কর্মসূচি পালনের সাহস পেয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহে ভার্চুয়ালি অংশগ্রহণ এবং সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে। গুলশানসহ সারাদেশে তারা বিক্ষোভ মিছিল করার সুযোগ পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘জামায়াত নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। কিন্তু আমরা বলতে চাই, দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।’
এর আগে রাশেদ খাঁন ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

