আত্মসাৎকৃত চা শ্রমিকের পিএফ ফান্ডের টাকা উদ্ধার, ফেরত পেল পরিবার
মৌলভীবাজারের কুলাউড়ায় এক চা শ্রমিকের পিএফ (প্রভিডেন্ট ফান্ড) ফান্ডের আত্মসাৎকৃত টাকা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ দুই বছর পর স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যমে ২ লাখ ২৪ হাজার ৩৬২ টাকা উদ্ধার করা হয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়ার বিজয়া চা-বাগানে এই টাকা হস্তান্তর করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ন্যাশনাল টি কোম্পানির আওতাধীন বিজয়া চা-বাগানের শ্রমিক জারিয়া খাড়িয়ার পিএফ ফান্ডের টাকা ২০২৪ সালের আগস্ট মাসে কোম্পানির পক্ষ থেকে বাগানের অ্যাকাউন্টে জমা করা হয়। কিন্তু তৎকালীন কেরানি কিষোন চন্দ্র দাস ছানা (বর্তমানে পারকুল চা-বাগানে কর্মরত) টাকাগুলো উত্তোলন করে প্রকৃত শ্রমিককে না দিয়ে আত্মসাৎ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় চা শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা নড়েচড়ে বসেন।
রবিবার বাগানের ব্যবস্থাপক হুমায়ুন কবির, জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, উপজেলা বিএনপি নেতা ময়নুল হক বকুল এবং পঞ্চায়েত কমিটির মুরব্বিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেরানি ছানা বাবু টাকা আত্মসাতের কথা স্বীকার করেন এবং আত্মসাৎকৃত পুরো টাকা ফেরত দেন। অপরাধের দায়ে তাকে অতিরিক্ত ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে মৃত জারিয়া খাড়িয়ার স্ত্রী মলিনা খাড়িয়া, সন্তান লক্ষণ খাড়িয়া ও ছোট ভাই রবি খাড়িয়ার হাতে উদ্ধারকৃত টাকা তুলে দেওয়া হয়।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু ও বিএনপি নেতা ময়নুল হক বকুল বলেন, “শ্রমিকের ঘাম জড়ানো টাকা আত্মসাৎ করা অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। ছানা বাবু তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং জরিমানাসহ টাকা ফেরত দিয়েছেন। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
বিজয়া চা-বাগানের ব্যবস্থাপক হুমায়ুন কবির জানান, তিনি দায়িত্ব নেওয়ার আগেই ঘটনাটি ঘটেছিল। কোম্পানি সবসময় শ্রমিকদের অধিকারের ব্যাপারে আন্তরিক। স্থানীয়ভাবে বিষয়টি সুষ্ঠু সমাধান হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
টাকাগুলো ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রয়াত জারিয়া খাড়িয়ার পরিবার। তারা বাগান কর্তৃপক্ষ ও সালিশে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
