দক্ষিণ সুরমায় বালুর ট্রাকে মিলল ৪৯০ বোতল ভারতীয় ফেয়ারডিল, আটক ২
সিলেটের দক্ষিণ সুরমায় একটি বালুভর্তি ডাম্প ট্রাকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেয়ারডিলসহ (ফেনসিডিল সদৃশ) দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজার এলাকার চণ্ডিপুল-জালালপুর সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৪) এবং সিলেট বিমানবন্দর থানার ছালিয়া পশ্চিমপাড়া (রঙ্গিন টিলা) এলাকার আসলাম আলীর ছেলে মাহবুব আলম (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্দেশনায় এসআই মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল চকের বাজার সংলগ্ন সোহেল অটো রাইস মিলের সামনের সড়কে তল্লাশি চৌকি বসায়। এ সময় চণ্ডিপুল থেকে জালালপুরগামী একটি নম্বরপ্লেটবিহীন বালুভর্তি ডাম্প ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকের বালুর ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় তৈরি ৪৯০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয় এবং ট্রাকে থাকা দুইজনকে আটক করা হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশারাফ উজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

