ফ্যাক্টচেকিং: ‘বৌও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা’, খালেদা জিয়ার বক্তব্য নিয়ে যা জানা গেল
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুরোনো বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে খালেদা জিয়াকে বলতে শোনা যায়, ‘এখানে আমার পরিবারের মধ্যে গণ্ডগোল আছে। তাকে (তারেক রহমান) তো আপনারা ভালো করে চিনেন, বউয়ের সঙ্গেও গণ্ডগোল, বউও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা।’
ভিডিওটি ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়িয়ে পড়ছে। এতে দাবি করা হচ্ছে, খালেদা জিয়া তার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রীকে নিয়ে এই মন্তব্য করেছিলেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি সম্পাদিত।
রিভার্স সার্চ ও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ২০১৫ সালের ৪ নভেম্বর ‘Tarique Rahman’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘Begum Khaleda Zia's Speech | Park Plaza, London | 1 November 2015’ শিরোনামের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা অনুযায়ী, এটি ২০১৫ সালের ১ নভেম্বর লন্ডনের পার্ক প্লাজায় দেয়া খালেদা জিয়ার বক্তব্য।
একই বক্তব্যের মূল ভিডিও বিএনপির ভেরিফায়েড ইউটিউব চ্যানেলেও পাওয়া যায়। সেখানে দেখা যায়, ২০১৫ সালের ওই অনুষ্ঠানে খালেদা জিয়া দশম জাতীয় সংসদ নির্বাচন, তৎকালীন সরকার এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচন নিয়ে অংশগ্রহণের প্রসঙ্গে কথা বলছিলেন।
মূল বক্তব্যের ২৫ মিনিট ৩০ সেকেন্ডের দিকে খালেদা জিয়াকে বলতে শোনা যায়, ‘এই এরশাদ প্রথমে অংশগ্রহণ করে নাই... এখানে আবার পরিবারের মধ্যে গণ্ডগোল আছে। তাকে তো আপনারা ভালো করে চিনেন। বউয়ের সঙ্গেও গণ্ডগোল। বউও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা।’
অর্থাৎ, ‘পরিবারের মধ্যে গণ্ডগোল’ এবং ‘বউও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা’—এই বক্তব্যের প্রসঙ্গ ছিল এরশাদ। সেখানে তারেক রহমানের নাম ছিল না।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এরশাদের প্রসঙ্গে বলা অংশের সঙ্গে বক্তব্যের অন্য একটি অংশ জুড়ে দেয়া হয়েছে। মূল ভিডিওর আরেক অংশে খালেদা জিয়াকে বলতে শোনা যায়, ‘আপনারা যতই বলেন যে, আন্দোলন; আন্দোলন ঢাকায় সেভাবে করা সম্ভব হয়নি।’ অনুসন্ধানে দেখা যায়, এই অংশ এবং এরশাদকে নিয়ে দেয়া বক্তব্যের অংশ একত্র করে সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ ছাড়া সম্পাদিত ভিডিওতে ‘তাকে’ শব্দের জায়গায় ‘তারেক রহমানকে’ বসানো হয়েছে। ফ্যাক্টচেকিং সাইট রিউমর স্ক্যানারের ২০২২ সালের ফ্যাক্টচেকেও বলা হয়েছিল, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বক্তব্যের শব্দ পরিবর্তন করে ভিডিওটি তৈরি করা হয়। ফলে ভিডিওটির দৃশ্য ও শব্দ একসঙ্গে দেখলে বক্তব্যটি খালেদা জিয়ার নিজের পরিবারের প্রসঙ্গে দওয়া হয়েছে বলে মনে হয়। কিন্তু মূল ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখলে সেই দাবি টেকে না।
এই একই দাবি নতুন করে ২০২৬ সালেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ডিসমিসল্যাবের সাম্প্রতিক যাচাইয়ে বলা হয়েছে, প্রচারিত ভিডিওটি সম্পাদিত এবং খালেদা জিয়ার বক্তব্যটি মূলত হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে ছিল। একাধিক সংবাদমাধ্যম ও রিউমর স্ক্যানারও সাম্প্রতিক সময়ে একই সিদ্ধান্তে পৌঁছেছে।
সুতরাং, ‘তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়া বলেছেন, বউও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা’—এই দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত ও বিভ্রান্তিকর। খালেদা জিয়ার মূল বক্তব্যে ‘বউও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা’ কথাটি থাকলেও সেটি তারেক রহমান বা তার স্ত্রীকে নিয়ে নয়; বক্তব্যটি ছিল তৎকালীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে।

