মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের জরিমানা
মৌলভীবাজার শহরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর যথাযথ বাস্তবায়ন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) নগরীর ওয়াবদা রোড ও বনশ্রী রোড এলাকায় পরিচালিত এই অভিযানে আইন লঙ্ঘনের দায়ে মোট ৭টি মামলা দায়ের করা হয়েছে এবং ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পৃথকভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম ওয়াবদা রোড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারা লঙ্ঘনের দায়ে ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহ ৬৬ ও ৯২(১) ধারা অনুযায়ী ১টি মামলায় ৫০০ টাকা জরিমানা করেন।
এছাড়া, বনশ্রী রোড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারা মোতাবেক পরিচালিত অভিযানে ৫টি মামলায় সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহরের যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন প্রতিপালন নিশ্চিত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
