শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরকে কেন্দ্র করে হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারতের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি মাজার এলাকা ঘুরে দেখেন এবং প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিটি করপোরেশন কাজ করছে। তিনি বলেন, সিলেট একটি পর্যটন ও আধ্যাত্মিক নগরী। রাষ্ট্রপতি যাতে স্বাচ্ছন্দ্যে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করতে পারেন, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উন্নয়ন ও সংস্কার কাজগুলো দ্রুত শেষ করার জন্য আমরা সচেষ্ট রয়েছি।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিসিকের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আগামীকালের মধ্যেই আমরা শতভাগ প্রস্তুতি নিশ্চিত করব। তাঁর এই সফরকে সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সব সংস্থাকে সমন্বিতভাবে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
উল্লেখ্য, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি প্রথম সিলেট সফর। একদিনের এই সফরে তিনি মাজারে জিয়ারত ছাড়াও সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন।
পরিদর্শনকালে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী এনামুল হক তাপাদার, উপসহকারী প্রকৌশলী ইসমাইলুর রহমান ও মো. কামরুজ্জামান কামরুলসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

