এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি
সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ক্যাম্পাস ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় নিয়ে এক দশকে পদার্পণ করেছে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সাংবাদিক সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’। বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও ম্যাগাজিন মোড়ক উন্মোচনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সংগঠনের কার্যালয়ের সামনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি এম সাইফুর রহমান ভবনে গিয়ে শেষ হয়। সেখানে মনোবিজ্ঞান বিভাগের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
সংগঠনের সভাপতি লবীব আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহারের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, গত ১০ বছর ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি কেবল ক্যাম্পাসের সংবাদ নয়, বরং সামাজিক ও গঠনমূলক কর্মকাণ্ডে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে করোনাকালীন সংকটসহ নানা প্রতিকূল সময়ে তাদের লেখনী সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সোচ্চার ছিল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। রিপোর্টার্স ইউনিটি আগামী দিনেও তাদের এই ধারা অব্যাহত রেখে কলেজের সুনাম আরও উজ্জ্বল করবে বলে আমার বিশ্বাস।
সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির কলম সবসময় সচল থাকুক। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই হোক তাদের মূল চালিকাশক্তি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, সংগঠনের শিক্ষক উপদেষ্টা শৈলেন্দ্র মোহন সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মঈন উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম এবং সাংবাদিক মোহাম্মদ আলী মাজেদ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের প্রথম ম্যাগাজিন ‘জানালা’র মোড়ক উন্মোচন। প্রচ্ছদশিল্পী শাহ রাকিবুল হাসান রাফিকে সম্মাননা প্রদানের পাশাপাশি বিদায়ী সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরাও শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে কেক কাটার মাধ্যমে এক দশকের আনন্দ ভাগ করে নেন উপস্থিত অতিথিরা।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি এমসি কলেজের গৌরব ও ঐতিহ্য গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি নিয়মিত ক্যাম্পাস সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

