দেশে সেই অন্ধকার ও দুঃসময় যেন আর না আসে: রুহুল কবির রিজভী
দেশে যেন পুনরায় কোনো ফ্যাসিবাদী শাসন বা অন্ধকার দুঃসময় ফিরে না আসে, তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে যুবদলের কর্মী শহীদ মোহাম্মদ হারুনুর রশিদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশি গুলিতে অসংখ্য বিরোধী দলীয় নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। শহীদ হারুন কোনো দুর্নীতি বা অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি নিজের জীবন দিয়েছেন বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য। হারুনের এই আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার।’
ফেনী জেলা বিএনপির আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকসেদুল মোমিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গ্রামবিষয়ক সম্পাদক বেলাল আহমেদ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার ও মশিউর রহমান।
স্মরণসভা শেষে রুহুল কবির রিজভী শহীদ হারুনুর রশিদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। তিনি তাদের হাতে নতুন একটি ঘরের চাবি এবং আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় নিহতের স্ত্রী জোহরা আক্তার ও তার দুই সন্তান মাজেদা ও তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালে মিছিলে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন যুবদল কর্মী হারুনুর রশিদ। আজ সেই বীর কর্মীর স্মরণে এই স্মরণসভার আয়োজন করে ফেনী জেলা বিএনপি।

