রুনা লায়লার মৃত্যুর গুজব
‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’—এমন একটি খবর ও এআই-নির্ভর ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার একমাত্র মেয়ে তানি লায়লা। তাঁর দাবি, মা রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও ও ছবির কোনো সত্যতা নেই। এগুলো এআইয়ের মাধ্যমে তৈরি।
বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তানি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সামান্য অর্থ উপার্জনের আশায় কিছু ব্যক্তি এ ধরনের ভুয়া খবর ও এআইনির্ভর ভিডিও তৈরি করে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি জানান, ব্যক্তিগতভাবে এসব কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করার উদ্যোগ নেবেন।
তানি আরও বলেন, রুনা লায়লাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করতে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে একে একে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রুনা লায়লার ভক্তদেরও এ ধরনের ভুয়া কনটেন্ট দেখলে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।মায়ের মৃত্যুর গুজব নিয়ে তানি লেখেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই—এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি।’
গণমাধ্যমের প্রতিও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তানি। রুনা লায়লাকে নিয়ে কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে তথ্য যাচাই করে নেওয়ার আহ্বান তাঁর। তাঁর ভাষায়, যাচাই ছাড়া এমন স্পর্শকাতর খবর প্রকাশ করা উচিত নয়।
মায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করে তানি আরও লেখেন, ‘তাঁরা জীবিত আছেন! আর সহ্য করা যাচ্ছে না।’
ছয় দশকের বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত রুনা লায়লা। দীর্ঘ সংগীতজীবনে বাংলাদেশসহ উপমহাদেশের অসংখ্য শ্রোতার ভালোবাসা পেয়েছেন তিনি। ফলে তাঁকে নিয়ে মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁর ভক্তদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়েও সংগীত পরিবেশনায় সক্রিয় ছিলেন রুনা লায়লা। গত মাসে অস্ট্রেলিয়ার দুটি অঙ্গরাজ্যে আয়োজিত দুটি কনসার্টে গান করেছেন তিনি। এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত একক গানের অনুষ্ঠানেও অংশ নেন এই শিল্পী। পাশাপাশি বাছাই করা কয়েকটি স্টেজ অনুষ্ঠানেও সংগীত পরিবেশন করেছেন তিনি।

