দুই দশক পর পর্দায় ফিরছেন রানি-অভিষেক
দুই দশক পর ফের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় দুই তারকা রানি মুখার্জি ও অভিষেক বচ্চনকে। একসময় জুটি হিসেবে দর্শকদের মন জয় করা এই দুই অভিনেতাকে এবার দেখা যাবে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রানি মুখার্জি। এর আগে সিনেমাটিতে রানির অভিনয়ের খবর শোনা গেলেও তার চরিত্র নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বলা হচ্ছিল, সুহানা খানের মায়ের চরিত্রে স্বল্প সময়ের জন্য দেখা যেতে পারে তাকে। তবে নতুন তথ্য অনুযায়ী, সিনেমায় রানির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে।
‘কিং’ সিনেমায় খলচরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। আর তার বিপরীতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে রানি মুখার্জিকে। ফলে প্রায় ২০ বছর পর আবারও একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই দুই তারকা। তাদের চরিত্রের সম্পর্ক ও গল্পে ভূমিকা নিয়ে অবশ্য এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
রানি ও অভিষেককে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কাভি আলবিদা না কেহনা’ সিনেমায়। করণ জোহর পরিচালিত ওই সিনেমায় শাহরুখ খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও প্রীতি জিনতাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও একসঙ্গে বড় পর্দায় ফেরেননি রানি-অভিষেক।
এবার ‘কিং’-এর মাধ্যমে তাদের পুনর্মিলনের খবরে বলিউডপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিশেষ করে অভিষেকের খলচরিত্র এবং তার বিপরীতে রানির উপস্থিতি সিনেমাটির গল্পে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
শাহরুখ খান ও সুহানা খানকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘কিং’। সিনেমায় বাবা-মেয়েকে গুরু-শিষ্যার চরিত্রে দেখা যাবে। এতে আরও অভিনয় করছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, আরশাদ ওয়ারশি, সৌরভ শুক্লা, রাঘব যুয়াল, জ্যাকি শ্রফ, জয়দীপ অহলাওয়াত, অক্ষয় ওবেরয় ও অভয় ভার্মাসহ অনেকে।
চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর। গেল বছরের নভেম্বর মাসে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল। শাহরুখ-সুহানার জুটি, তার সঙ্গে দীপিকা, অনিল কাপুর, অভিষেক ও রানি মুখার্জির মতো তারকাদের উপস্থিতি—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।
তবে প্রায় দুই দশক পর রানি মুখার্জি ও অভিষেক বচ্চনকে একই সিনেমায় দেখাই হতে যাচ্ছে ‘কিং’-এর অন্যতম বড় আকর্ষণ।

