সেরা আক্রমণ বনাম সেরা রক্ষণ, কার হাতে উঠবে ট্রফি
৪৮ দল নিয়ে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের যাত্রা শেষের পথে। দীর্ঘ ছয় সপ্তাহের প্রতিযোগিতা শেষে শিরোপার লড়াইয়ে টিকে আছে মাত্র দুটি দল—আর্জেন্টিনা ও স্পেন। তাদের মধ্যকার ফাইনালেই নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। ফাইনালের আগে ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, সেরা আক্রমণ বনাম সেরা রক্ষণ, কার হাতে উঠছে বিশ্বকাপ ট্রফি?
আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। অন্যদিকে, ২০১০ সালের পর প্রথমবার এবং ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে স্পেন।
দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত হয় লিওনেল মেসিদের। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা।
এর আগে প্রথম সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠে স্পেন। দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে আর্জেন্টিনার নাম নিশ্চিত হওয়ার পর বহুল প্রতীক্ষিত শিরোপা নির্ধারণী লড়াইও চূড়ান্ত হয়েছে।
বিশ্বকাপে এখন পর্যন্ত ১৭ গোল করেছে লিওনেল মেসির দল। তবে আক্রমণে দুর্দান্ত হলেও রক্ষণে তুলনামূলকভাবে কিছুটা ভঙ্গুর ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এখনও পর্যন্ত ৭ ম্যাচে ৭ গোল হজম করেছে স্কালোনির দল।
অন্যদিকে, আক্রমণে আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে থাকলেও রক্ষণে অনন্য নজির গড়েছে স্পেন। পুরো টুর্নামেন্টে ১৩ গোল করা স্পেন এখন পর্যন্ত মাত্র ১টি গোল হজম করেছে। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ০.১৪ গোল খেয়েছে তারা, যা এবারের বিশ্বকাপের অন্যতম সেরা রক্ষণাত্মক পারফরম্যান্স।
পরিসংখ্যান বলছে, আর্জেন্টিনার শক্তি তাদের আক্রমণভাগে, আর স্পেনের সবচেয়ে বড় অস্ত্র তাদের সুসংগঠিত রক্ষণ। তাই ফাইনালে মুখোমুখি লড়াইয়ে দেখা যেতে পারে টুর্নামেন্টের সেরা আক্রমণের বিপক্ষে সেরা রক্ষণভাগের দ্বৈরথ।
একদিকে আর্জেন্টিনার গোল করার ধারাবাহিকতা, অন্যদিকে স্পেনের দুর্ভেদ্য ডিফেন্স—এই দুই বিপরীতধর্মী শক্তির সংঘর্ষই বিশ্বকাপ ফাইনালকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত জয়ের হাসি ফুটবে আক্রমণাত্মক ফুটবলের, নাকি শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগের।
