ট্রফি না জিতেও ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে
ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে শিরোপা জিততে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে নিজের ছাপ রেখে এবারও ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার মনে করছেন নিজেকে। তার বিশ্বাস, পুরস্কারটি জেতার মতো পারফরম্যান্স করেছেন তিনি। খবর রয়টার্সের।
রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করেছেন এমবাপ্পে, লা লিগায় করেছেন ২৫ গোল। এরপর ২০২৬ বিশ্বকাপে করেছেন আরও ১০ গোল। তাতেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি গড়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
‘ফ্রান্স ফুটবল’কে দেয়া সাক্ষাৎকারে ব্যালন ডি’অর নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এমবাপ্পে। বলেছেন, ‘আমি বিশ্বাস করি, এ বছর আমি ব্যালন ডি’অর জিততে পারি। এটা আমার অন্যতম লক্ষ্য, এবং এটা খুব কাছের ভবিষ্যতের লক্ষ্য। অনেকে বলছেন, আমি কোনো ট্রফি জিতিনি ক্লাবের হয়ে কিংবা দেশের হয়ে। কিন্তু এটা তো ব্যক্তিগত পুরস্কার। আমি কখনো দেখিনি, কোনো ব্যালন ডি’অর বিজয়ী সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে।’
নিজের দাবির পক্ষে যুক্তিও দিয়েছেন এমবাপ্পে। তার ভাষায়, ‘কোনো খেলোয়াড় কি কখনো ১০০ শতাংশ ভোট পেয়েছে? পায়নি। তার মানে সবসময়ই এমন কেউ থাকে, যে মনে করে বিজয়ী খেলোয়াড়টি পুরস্কার পাওয়ার যোগ্য ছিল না।’
ব্যালন ডি’অরকে এমবাপ্পে দেখেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সময়ের মানদণ্ডে। তার মতে, এটি সবার জন্য নয়; বরং যারা অন্যদের চেয়ে আলাদা কিছু করতে পারেন, তাদেরই দেয়া হয় এই পুরস্কার।
এমবাপ্পে বলেন, ‘আমার ব্যালন ডি’অরের ধারণাটা এসেছে মেসি ও রোনালদোর যুগ থেকে। এই পুরস্কার সাধারণ খেলোয়াড়দের দেয়া হয় না; দেয়া হয় এমন খেলোয়াড়দের, যারা অন্যদের থেকে আলাদা। আমি মনে করি, এ বছর আমি এমন কিছু করেছি, যা অন্যদের থেকে আলাদা। তাই আমি বিশ্বাস করি, আমি এটা জিততে পারি।’
নিজেকেই এবারের ব্যালন ডি’অরের সবচেয়ে যোগ্য মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে আরও আত্মবিশ্বাসী ছিলেন এমবাপ্পে। তিনি বলেন, ‘আমার চেয়ে ভালো কোনো খেলোয়াড় ছিল না। আমরা অর্জনের কথা বলছিলাম। বড় বড় প্রতিযোগিতায়, যেখানে বিশ্বের সব সেরা খেলোয়াড় অংশ নেয়, সেখানে এত গোল করা বিশেষ করে বিশ্বকাপে। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়া; ছুটিতে থাকার সময়ও মানুষ আমার সঙ্গে এসব নিয়েই কথা বলেছে।’
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটিই এমবাপ্পের কাছে বিশেষ। আর সেটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে মেসিকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নেয়ায়।
গত মঙ্গলবার প্রকাশ করা হয়েছে ২০২৬ ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা। সেখানে এমবাপ্পের সঙ্গে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, হ্যারি কেইন, উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামালের মতো তারকারা। আগামী ২৬ অক্টোবর আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানা যাবে, শেষ হাসি কে হাসছেন।

