মেসি রেকর্ড ভাঙলেন ম্যারাডোনার, গড়লেন ৬ কীর্তি
ম্যাচের শুরুতেই পেনাল্টি মিসের ট্র্যাজেডি। গ্যালারিজুড়ে তখন একরাশ হতাশার চাদর। কিন্তু যার নাম লিওনেল মেসি, তাকে কি আর রেকর্ড বুক বেশি সময় আড়ালে রাখতে পারে? দলের চরম বিপদের দিনে, যখন বিদায়ের ঘণ্টা বাজছিল আলবিসেলেস্তেদের, তখনই ত্রাতা হয়ে হাজির হলেন জাদুকর। মিশরের বিপক্ষে সমতা ফেরানো সেই জাদুকরি গোলের হাত ধরে প্রায় শত বছর আগের এক মহাকাব্যিক কীর্তি স্পর্শ করলেন আর্জেন্টিনা অধিনায়ক।
মিশরের জাল কাঁপিয়ে চলতি ২০২৬ বিশ্বকাপে নিজের ৮ম গোলটি তুলে নেন এই মহাতারকা। আর এই এক গোলেই রেকর্ড বুক ওলটপালট করে দিয়েছেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড।
গিয়ের্মো স্তাবিলের পর দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপের একক কোনো আসরে ৮ গোল করার অনন্য কীর্তি গড়লেন মেসি। এর আগে ১৯৩০ সালে বিশ্বকাপের উদ্বোধনী আসরে আর্জেন্টিনার হয়ে এই কীর্তি গড়েছিলেন কিংবদন্তি স্তাবিলে। দীর্ঘ ৯৬ বছর পর তার সেই রাজকীয় রেকর্ডে ভাগ বসালেন এলএমটেন।
রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি এখানেই থামেননি, গড়েছেন আরও একটি অতিমানবীয় রেকর্ড।
বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বের টানা ছয় ম্যাচে গোল করার অবিশ্বাস্য কীর্তি এখন শুধুই তার।
সব মিলিয়ে ফুটবল মহাযজ্ঞে টানা ৯টি ম্যাচে জাল কাঁপানোর রেকর্ড গড়লেন ফুটবলের এই খুদে জাদুকর। বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে টানা ৬ ম্যাচের বেশি গোল করার রেকর্ড নেই আর কোনো ফুটবলারের।
এদিকে গোল করার পাশাপাশি এসিস্ট দিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন মেসি। ম্যারাডোনার ৮ এসিস্টের বিপরীতে মেসির গোলে সহায়তার সংখ্যা এখন ৯টি।
পেনাল্টি মিসের ক্ষত ততক্ষণে ভুলে গেলেও বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ দুটি পেনাল্টি মিসের অনাকাঙ্ক্ষিত রেকর্ডটিও এখন আর্জেন্টাইন যাদুকরের ঝুলিতেই। এছাড়া সর্বোচ্চ ১৪ টি নকআউট ম্যাচ খেলার রেকর্ডটিও মঙ্গলবারের ম্যাচ দিয়ে নিজের করে নিয়েছেন মেসি।

