ফ্যাসিস্টরা ক্ষমতায় থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিস্টরা যদি এখনো ক্ষমতায় থাকত কিংবা আরও দু-তিন বছর ক্ষমতা প্রলম্বিত হতো, তবে বাংলাদেশ সিকিমের মতো পরাধীন হয়ে যেত।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার তাদের জুলুম ও কৃতকর্মের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সব মন্ত্রিসভা সদস্যকে নিয়ে যেভাবে দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন, তা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এ থেকে যদি আমরা কোনো শিক্ষা না নিই, তবে আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ। ফ্যাসিস্টদের সময়ে দেশের সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে নিজেদের ইচ্ছামতো নির্দেশনা দিয়ে কাজ করানো হতো। যে কারণে আজ প্রায় ২০ বছর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। হাজার হাজার কোটি টাকা পাচারের কারণে দেশ আজ পিছিয়ে পড়েছে।
রবিবার দুপুরে শেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি এবং ২০২৪ সালে আমরা সার্বভৌমত্ব পেয়েছি। আর এই পাওয়ার পেছনে যারা জীবন দিয়েছেন, তাঁদের আমাদের স্মরণ রাখতে হবে। তাঁদের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শেরপুরের গারো পাহাড় এলাকায় পর্যটন করপোরেশনের পর্যটন স্পট এবং হোটেল-মোটেল নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় সরকারদলীয় শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, সিভিল সার্জন ডা. মো. শাহীন, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, র্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়নসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধি এবং বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, মন্ত্রী শেরপুরে পৌঁছালে সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

