প্রেমনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেবল প্রেম ও রোমান্স নির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি জনস্বার্থমূলক রিট দায়ের করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন এ রিটটি দায়ের করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, দেশের বর্তমান চলচ্চিত্র ও নাটক শিল্পে মাত্রাতিরিক্ত প্রেম এবং রোমান্টিক কনটেন্টের একচেটিয়া প্রচার সমাজে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। মূলধারার নাটকে পরকীয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক এবং অনৈতিক আচরণকে স্বাভাবিক কিংবা মহিমান্বিত করে উপস্থাপন করায় সমাজে ধর্ষণ ও ব্যভিচারের মতো সামাজিক ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শিক্ষার্থী ও যুবসমাজ পড়াশোনা এবং ক্যারিয়ার থেকে বিচ্যুত হয়ে পড়ছে, যা দীর্ঘমেয়াদে জাতীয় মেধা বিকাশে বড় বাধা সৃষ্টি করছে।

