মেলায় গিয়েছিলেন ঘুরতে, নাগরদোলায় চুল আটকে করুণ পরিণতি নারীর
মেলায় ঘুরতে গিয়ে নাগরদোলায় উঠেছিলেন ২৫ বছর বয়সী এক নারী। কিন্তু আনন্দের সেই মুহূর্ত হঠাৎই ভয়ানক হয়ে ওঠে। নাগরদোলা দ্রুতগতিতে ঘুরতে শুরু করলে তার চুল নাগরদোলার পেছনের ঘূর্ণায়মান যন্ত্রে আটকে যায়। এরপর প্রচণ্ড টানে চুলসহ মাথার চামড়ার বড় একটি অংশ উঠে যায়। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাষ্ট্র মহারাষ্ট্রে ঘটা এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত শুক্রবার মহারাষ্ট্রের ইয়াভতমাল জেলার মহাগাঁও তালুকায় ‘তানহা পোলা’ উৎসব উপলক্ষে আয়োজিত মেলায় এ ঘটনা ঘটে। প্রতিবছরের মতো এবারও এক দিনের এই মেলার আয়োজন করা হয়। আশপাশের গ্রামের বিপুলসংখ্যক নারী ও শিশু উৎসবে অংশ নিতে এবং পুনেশ্বর মহাদেব মন্দিরে আশীর্বাদ নিতে সেখানে গিয়েছিলেন।
আহত নারীর নাম বালি মারোতি তালিকোতে। তার বয়স ২৫ বছর। ফুলসাওয়াঙ্গি গ্রামের বাসিন্দা বালি ওই মেলায় গিয়ে নাগরদোলায় উঠেছিলেন।
নাগরদোলাটি দ্রুতগতিতে ঘুরতে শুরু করলে তার চুল আসনের পেছনে থাকা ঘূর্ণায়মান যন্ত্রের একটি অংশে আটকে যায়। এরপরও নাগরদোলাটি দ্রুতগতিতে ঘুরতে থাকায় চুলে হঠাৎ করে প্রচণ্ড টান পড়ে।
তীব্র যন্ত্রণায় চিৎকার শুরু করেন বালি। চুলে প্রচণ্ড টান পড়ার একপর্যায়ে তার মাথার চামড়ার বড় একটি অংশ উঠে যায়। তাঁর চিৎকার শুনে মেলায় থাকা লোকজন দ্রুত সেখানে ছুটে যান। রক্তাক্ত অবস্থায় ওই নারীকে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার পর মেলায় বিশৃঙ্খলা তৈরি হয়। সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে সহকারী পুলিশ পরিদর্শক সুনীল আমভুরে ও পুলিশ কনস্টেবল সুহাস কায়তে স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘুরতে থাকা নাগরদোলাটি থামান।
এরপর নিরাপদে বালিকে নাগরদোলা থেকে নামিয়ে আনা হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।
ঘটনাটি মেলায় ব্যবহৃত বিভিন্ন বিনোদনমূলক রাইডের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

