শির বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে কী কী সুবিধা থাকে?
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদেশ সফরে গেলে তার যাত্রাপথের প্রতিটি বিষয়ই হয়ে থাকে অত্যন্ত পরিকল্পিত। তার বিদেশ সফরের জন্য বিশেষভাবে প্রস্তুত করা পরিবহণব্যবস্থা থাকে, যার প্রায় প্রতিটি অংশেই নিরাপত্তা ও যোগাযোগের বিশেষ ব্যবস্থা বিদ্যমান।
১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শি জিনপিংয়ের ভারত সফরেও বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে। তার ব্যবহৃত বিমানটি এয়ার চায়নার পরিচালনায় থাকা পরিবর্তিত বোয়িং ৭৪৭-৮। বিমানবন্দরে অবতরণের পর চীনের শীর্ষ নেতৃত্বের জন্য বিশেষভাবে তৈরি কঠোর নিরাপত্তাবেষ্টিত ‘হংকি এন ৭০১ লিমুজিনে’ চড়েন তিনি।
শি জিনপিংয়ের ব্যবহৃত বিমানটি বোয়িং ৭৪৭-৮ ইন্টারকন্টিনেন্টাল। এটি পরিচালনা করে এয়ার চায়না। মূলত এটি একটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল। ২০১৪ সালের শেষ দিকে বিমানটি এয়ার চায়নার বহরে যুক্ত হয়। কয়েক মাস পর, ২০১৫ সালের মে মাসে বড় ধরনের পরিবর্তনের জন্য এটিকে বাণিজ্যিক সেবা থেকে সরিয়ে নেওয়া হয়।
বিমানটিতে বিশেষ নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থা এবং ভিআইপি অভ্যন্তরীণ ব্যবস্থা যুক্ত করা হয়। ২০১৬ সালে এটি চীনের প্রধান রাষ্ট্রীয় বিমান হিসেবে ব্যবহারে আসে।
এর আগে বিদেশ সফরে চীনের প্রেসিডেন্টরা বাণিজ্যিক বোয়িং ৭৪৭-৪০০ ব্যবহার করতেন। বিদেশ সফরের আগে এসব বিমানে সাময়িকভাবে পরিবর্তন এনে ভিভিআইপি সুবিধা যুক্ত করা হতো। সফর শেষে বিমানগুলো আবার বাণিজ্যিক সেবায় ফিরিয়ে দেওয়া যেত।
শি জিনপিংয়ের আন্তর্জাতিক সফরে ব্যবহৃত বোয়িং ৭৪৭-৮ শুধু যাত্রীবাহী বিমান নয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এতে স্যাটেলাইটভিত্তিক এনক্রিপ্টেড যোগাযোগব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে বিদেশে অবস্থান করেও প্রেসিডেন্ট বেইজিংয়ে থাকা সরকারি ও সামরিক কমান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।

