সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি একটি জনসেবা: বিভাগীয় কমিশনার
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি মূলত জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন এবং সমাজকে সঠিক দিশা দেখান। সোমবার (২৯ জুলাই) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত এই সভায় বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতা অত্যন্ত যুগোপযোগী। আমরা এখন ঘুম থেকে উঠেই অনলাইনে খবরের আপডেট খুঁজি। তাই অনলাইন সাংবাদিকদের দায়িত্ব হলো বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ উপস্থাপন করা। সত্য ও ন্যায়ের পক্ষে আপনাদের অবিচল অবস্থান সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য।
কাজের পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ‘টিম বিল্ডিং’ বা দলগত সংহতি ও পারস্পরিক সম্পর্ক তৈরি করে, যা কাজের স্পিরিট বহুগুণ বাড়িয়ে দেয়। তিনি ক্লাবের নতুন সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবেদ সাদেক বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে অনলাইন গণমাধ্যমই জনগণের প্রকৃত মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে। তবে কিছু তথাকথিত পেজ অ্যাডমিন সমাজে নেতিবাচক ভূমিকা রাখছে, যা দুঃখজনক। আমরা আশা করি, অনলাইন প্রেসক্লাব এসব অপসাংবাদিকতা ও নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য নুরুল আলম আলমাস এবং গীতা পাঠ করেন জনি কান্ত শর্মা। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তারেক আহমদ খান। নতুন সদস্যদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন ক্যামেরাপার্সন আজমল আলী।
অনুষ্ঠানে সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী কমিটির সদস্য মোশাহিদ আলী ও সৈয়দ রাসেল আহমদসহ ক্রীড়া উপকমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ক্লাবের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

