সাংবাদিক পাভেলের বড় ভাই আব্দুল কাইয়ুমের ইন্তেকাল
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক নাজমুল কবীর পাভেলের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল কাইয়ুম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৯ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে ঢাকার ধানমণ্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আব্দুল কাইয়ুম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মধ্য বাজার এলাকার বাসিন্দা এবং মরহুম ক্বারী আব্দুল হাসিমের জ্যেষ্ঠ পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি সন্তানাদিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মো. আব্দুল কাইয়ুম জরুরি ব্যক্তিগত প্রয়োজনে ঢাকায় গিয়ে মেয়ের বাসায় অবস্থান করছিলেন। গত শুক্রবার সকালে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাঁকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর বুধবার বিকেলে তিনি পরলোকগমন করেন।
মরহুমের ছোট ভাই সাংবাদিক নাজমুল কবীর পাভেল তাঁর বড় ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসী ও সহকর্মীদের কাছে দোয়া চেয়েছেন। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজ ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের জানাযার সময়সূচি পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানানো হয়েছে।

