ফগার মেশিন হাতে মশক নিধন অভিযানে সিসিক প্রশাসক
ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে সিলেট নগরীতে বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। অভিযানে এডিস মশার লার্ভা ধ্বংসের পাশাপাশি মশক নিধন কার্যক্রম চালানো হবে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে নগরীর ১ নম্বর ওয়ার্ডের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় অভিযানের উদ্বোধন করেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। উদ্বোধনের পর তিনি নিজেও ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমে অংশ নেন।
সিসিক প্রশাসক বলেন, নগরী সম্প্রতি মশার উপদ্রব বেড়ে যাওয়ায় বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটে শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীরা বাইরে থেকে সংক্রমিত হয়ে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, নগরীর ৪২টি ওয়ার্ডে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে। প্রথম ধাপে ১০টি ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে। সিসিকের স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মশক নিধনে পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে। এক মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মশক নিধনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি জানান, বাসাবাড়ি বা আঙিনায় যাতে জমে থাকা পানি না থাকে, সে বিষয়ে মসজিদ, মার্কেট ও মহল্লায় লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। মশাবাহিত রোগ প্রতিরোধে নগরবাসীরও সহযোগিতা কামনা করেন সিসিক প্রশাসক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মশক নিধন কর্মীরা।

