মেঘনায় উল্টে গেল ৫ হাজার বস্তা ধান-চালবাহী কার্গো জাহাজ
চাঁদপুরে উত্তাল মেঘনার ঘূর্ণি স্রোতে উল্টে ডুবে গেল পাঁচ হাজার বস্তা ধান ও চালবাহী একটি কার্গো জাহাজ।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় চাঁদপুরের তিন নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক।
কার্গোর চালক এরশাদ মাঝি জানান, গতকাল পাবনা থেকে তিন হাজার পাঁচশ বস্তা চাল ও এক হাজার পাঁচশ বস্তা ধান নিয়ে কার্গো জাহাজটি রওনা দেয়।
পরে আজ বুধবার সকাল ৭টায় পুরানবাজার ঘাটের কাছে আসার পর তিন নদীর মোহনায় প্রচণ্ড ঘূর্ণি স্রোতে পড়ে। একপর্যায়ে কার্গোটি উল্টে যায়।
এ সময় কার্গোতে থাকা পাঁচজন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে উল্টে যাওয়া কার্গোটি ডাকাতিয়া নদীর পাড়ে ভিড়ানো হয়।
চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, ডুবে যাওয়া চাল-ধানগুলো পুরানবাজারের সাত ব্যবসায়ীর। এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন বলেন, কার্গো ডুবির ঘটনা আমাদের কেউ জানায়নি। খোঁজ নিয়ে আপডেট জানানো হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুর নদী বন্দরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, কিছুক্ষণ আগে বিষয়টি আমি জেনেছি। ঘটনার বিষয় ও কারণ জানার জন্য আমাদের নৌ নিট্রা বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্যকে বলা হয়েছে।

