পালিয়ে না থেকে আদালতের মুখোমুখি হন, আ.লীগের উদ্দেশ্যে ডা. জাহিদ
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আপনাদের যদি সৎ সাহস থাকে তবে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হউন।
রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় ডা. জাহিদ হোসেন বলেন, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে। প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে।
আইন আদালতের মাধ্যমে নিজেদের নির্দোষ প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, দেশের মানুষ আজ সচেতন। তারা বুঝতে পেরেছে স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মব কালচার সৃষ্টি নানা উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বিএনপি কিন্তু এই দেশে থেকে দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় মাঠে থেকে দায়িত্ব পালন করেছে। যদিও আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। লাখ লাখ নেতাকর্মীকে জেলখানায় পাঠানো হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। তারপরেও বিএনপির নেতাকর্মীদের মনোবল একটুও টলাতে পারেনি।
এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সদস্য ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা, উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

