বিশ্ব আলোকচিত্র দিবস: ছবির ভাষায় বিশ্বকে দেখার দিন
প্রতি বছর ১৯ আগস্ট বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব আলোকচিত্র দিবস বা ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। এই দিনটি একদিকে যেমন ফটোগ্রাফির শিল্পকে উদযাপন করার দিন, তেমনই এই শিল্পের সঙ্গে জড়িত অগণিত মানুষের সৃষ্টিশীলতাকে সম্মান জানানোর একটি উপলক্ষ। একটি ছবি হাজারো শব্দের সমান—এই প্রবাদ বাক্যটির যথার্থতা ফুটে ওঠে এই দিনে। ছবি কথা বলে, ইতিহাসকে ধরে রাখে এবং সভ্যতার অগ্রযাত্রার সাক্ষী হয়ে থাকে।
ইতিহাস ও তাৎপর্য
বিশ্ব আলোকচিত্র দিবসের পেছনের ইতিহাস বেশ সমৃদ্ধ। ১৮৩৭ সালে ফরাসি উদ্ভাবক লুই ড্যাগুয়ের এবং জোসেফ নিসেফোর নিয়েপ্স ‘ড্যাগুইররিয়ো টাইপ’ নামক ফটোগ্রাফিক সিস্টেম আবিষ্কার করেন। এটি ছিল ছবি তোলার প্রথম ব্যবহারিক উপায় এই যুগান্তকারী আবিষ্কারের পেটেন্ট ফরাসি সরকার কিনে নেয় এবং ১৮৩৯ সালের ১৯ আগস্ট এটিকে সমগ্র বিশ্বের জন্য একটি উপহার হিসেবে ঘোষণা করে। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো ফটোগ্রাফির অগ্রযাত্রায় যারা নিরলসভাবে কাজ করে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো।পাশাপাশি, ফটোগ্রাফির মাধ্যমে কীভাবে আমাদের চারপাশের পৃথিবীকে নতুন আঙ্গিকে দেখা যায়, সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও এর অন্যতম লক্ষ্য।ফটোগ্রাফি কেবল একটি শখ বা পেশা নয়, এটি একটি শক্তিশালী শিল্প মাধ্যম যা সময়, আবেগ, সংস্কৃতি এবং ইতিহাসের মুহূর্তগুলোকে ধারণ করে।
উদযাপন
বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি উদযাপিত হয়। বিভিন্ন দেশে আলোকচিত্র প্রদর্শনী, কর্মশালা, সেমিনার এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফটোগ্রাফাররা তাদের তোলা সেরা ছবিগুলো শেয়ার করে এই দিনটি উদযাপন করেন।
বাংলাদেশেও আলোকচিত্র দিবস বেশ গুরুত্বের সঙ্গে পালিত হয়।দেশের বিভিন্ন ফটোগ্রাফি সংগঠন ও কমিউনিটির উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা এবং তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। নবীন ও প্রবীণ আলোকচিত্রীরা একত্রিত হয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং এই শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
ডিজিটাল প্রযুক্তির আগমনে ফটোগ্রাফি এখন অনেক বেশি সহজলভ্য হয়েছে। স্মার্টফোনের ক্যামেরার মাধ্যমে প্রত্যেকেই এখন মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দী করতে পারে। তবে একজন দক্ষ আলোকচিত্রীর চোখে সাধারণ দৃশ্যও অসাধারণ হয়ে ওঠে। বিশ্ব আলোকচিত্র দিবস আমাদের সেই সৃজনশীল দৃষ্টিকে সম্মান জানাতে শেখায় এবং ছবির পেছনের গল্পগুলো জানতে উৎসাহিত করে।

