চেক জালিয়াতির মামলায় কারাগারে কানাইঘাটের ইউপি সদস্য ময়নুল হক
সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ময়নুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চেক জালিয়াতির একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
মামলার এজাহার ও বাদীপক্ষের সূত্রে জানা যায়, সাতবাঁক ইউনিয়নের পীরনগর গ্রামের বাসিন্দা আলী আহমদ চেক জালিয়াতির অভিযোগ এনে ইউপি সদস্য ময়নুল হকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন (মামলা নং- ৩৭৮/২৪)। বাদীর অভিযোগ, ময়নুল হক তাকে আড়াই লক্ষ টাকার একটি চেক প্রদান করেছিলেন, যা পূবালী ব্যাংক কানাইঘাট শাখা থেকে নগদায়নের কথা ছিল। কিন্তু ব্যাংকে চেকটি জমা দিলে সংশ্লিষ্ট ম্যানেজার জানান, চেকটি ময়নুল হকের নিজ নামের অ্যাকাউন্টের নয়, বরং এটি তার ছেলে সুজন আহমদের অ্যাকাউন্টের। প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগী আলী আহমদ আদালতের আশ্রয় নেন।
এ বিষয়ে স্থানীয় সূত্রগুলো জানায়, অভিযুক্ত ইউপি সদস্য ময়নুল হকের বিরুদ্ধে চোরাচালান, পাথর চুরি ও জালিয়াতিসহ একাধিক মামলা রয়েছে। এর আগেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি একাধিকবার কারাভোগ করেছেন বলে জানা গেছে।
আদালতের নির্দেশে ইউপি সদস্য ময়নুল হককে কারাগারে পাঠানোর খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
