সাবেক এমপি ও সংবিধান প্রণেতা ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই
মৌলভীবাজার-২ (কুলাউড়া ও বড়লেখা) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট আইনজীবী ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী ইন্তেকাল করেছেন। শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে কুলাউড়া ও বড়লেখা তথা পুরো মৌলভীবাজার জেলাসহ রাজনৈতিক ও সুশীল সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কুলাউড়া উপজেলার কানিহাটি গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। ষাটের দশকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসেবে তিনি রাজনীতির মূলধারায় সক্রিয় ছিলেন। ১৯৭০ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে কুলাউড়া-বড়লেখা আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়ে তিনি তাঁর রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর রাখেন।
বাংলাদেশের সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই বরেণ্য ব্যক্তি দেশ স্বাধীনের পর কূটনৈতিক দায়িত্বেও নিয়োজিত ছিলেন। তিনি ১৯৭৩ সালে জাপানে এবং ১৯৭৬ সালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে কুলাউড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিবেদন তৈরিতে: আলাউদ্দিন কবির
