কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পৌরশহরের জয়পাশা এলাকার ‘জাপানী বাড়ি’ নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত হাসান মিয়া বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি কুলাউড়ার জয়পাশা এলাকায় বসবাস করেন। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসান মিয়ার অপর সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল ডাকাত জয়পাশা এলাকায় ডাকাতির পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহায়তায় পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্রসহ হাসান মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় চুরি, ডাকাতি ও মাদকসহ যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।
