দোয়ারাবাজারে নাইন্দার হাওরে পোনামাছ অবমুক্ত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন হাওর ও জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি রোধে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নাইন্দার হাওরসহ উপজেলার মোট ৮টি জলাশয়ে ২৯০ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শরীফুল হক আকন্দ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরেফিন মাহমুদ, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা সিহাব সাকিব ঈশান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দীন শিহাব, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, সাংবাদিক ফারুক মিয়া, মাসুদ রানা সোহাগসহ স্থানীয় মৎস্যজীবী ও সুফলভোগীরা।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, সরকারি রাজস্ব বাজেটের আওতায় উপজেলার জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
মৎস্য কর্মকর্তারা জানান, জলাশয়ে পরিকল্পিতভাবে পোনামাছ অবমুক্ত করার ফলে প্রাকৃতিক মাছের ভাণ্ডার সমৃদ্ধ হবে। এতে স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে উপকৃত হবেন। জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা।
