কানাইঘাটে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করলেন ইউএনও
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কানাইঘাটে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কানাইঘাট পৌরসভা এলাকায় এই অভিযানের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস।
সকাল সাড়ে ১১টায় কানাইঘাট উত্তর বাজার থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এসময় নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পৌরসদস্য ও কর্মচারীরা।
অভিযানের শুরুতে পৌর শহরের উত্তর বাজারে ওয়ালটন প্লাজার সম্মুখসহ রাস্তার পাশে দীর্ঘদিন জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করা হয়। দুপুরে কাঁচাবাজার এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ কার্যক্রম সরাসরি তদারকি করেন ইউএনও সুমাইয়া ফেরদৌস। পরিচ্ছন্নতা নিশ্চিত করার পর ওই স্থানে সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে তিনি ফুলের গাছের চারা রোপণ করেন।
স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে আমাদের এই তিন মাসব্যাপী কর্মসূচি চলবে। পৌরসভা ছাড়াও উপজেলার ৯টি ইউনিয়নে জনপ্রতিনিধি, হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি ও বণিক সমিতির সহায়তায় এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও ডেঙ্গুমুক্ত কানাইঘাট গড়তে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাসাবাড়ির মালিকদের নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানাচ্ছি।
পৌর শহরসহ সকল হাট-বাজারের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে এই কর্মসূচি চলমান থাকবে বলে জানান তিনি।
