জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে অরাজকতা সৃষ্টির অভিযোগে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জ থানায় পুলিশ এ মামলাটি রেকর্ড করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট উপজেলা সদরের পল্লীশ্রী বাজারসহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন উসকানিমূলক দাবি তুলে সারা উপজেলায় তোলপাড় সৃষ্টি করে।
ঘটনার প্রেক্ষিতে সোমবার রাতে তানভীর আহমদ নামের এক ছাত্রলীগ কর্মীকে পুলিশ আটক করে। পরবর্তীতে জকিগঞ্জ থানার এসআই সুজন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী ও তার ভাই ছাত্রলীগ নেতা আজহার চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া এজাহারে আরও ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দেশের বর্তমান সরকারকে অস্থিতিশীল ও ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিভিন্নভাবে নাশকতামূলক ও অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে জননিরাপত্তা বিঘ্নিত করার দায়ে এই মামলা দায়ের করা হয়েছে। আটক তানভীর আহমদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

