সিলেটে মিথ্যা প্রেমের অপবাদ ও হুমকির অভিযোগ, তরুণীর বিরুদ্ধে জিডি
সিলেট নগরীর টিলাগড় এলাকার বাসিন্দা বিপ্লব কুমার পাল (৩৬) নামের এক যুবককে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপবাদ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ও আইনি প্রতিকার পেতে ১৩ সেপ্টেম্বর সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬৭১) করেছেন ভুক্তভোগী।
জিডি সূত্রে জানা যায়, অভিযোগকারী বিপ্লব কুমার পালের সঙ্গে ১৬ বছর আগে ছাত্রজীবনে সঞ্চিতা রানী নাথ (৩০) নামের এক নারীর পরিচয় ও বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু বর্তমানে বিপ্লব কুমার পাল বিবাহিত এবং ৫-৬ বছর ধরে ওই নারীর সঙ্গে তার কোনো প্রকার যোগাযোগ নেই।
অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, বর্তমানে সঞ্চিতা রানী নাথ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় তার বিরুদ্ধে মিথ্যা প্রেমের সম্পর্ক ছিল বলে অপপ্রচার চালাচ্ছেন। এছাড়া বিভিন্ন নম্বর থেকে কল করে তাকে প্রতিনিয়ত বিরক্ত ও হুমকি প্রদান করছেন। এতে তিনি চরম মানসিক নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিপ্লব কুমার পাল তার আবেদনে আরও উল্লেখ করেন, অভিযুক্ত ওই নারী যেকোনো সময় তার এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে সামাজিক সম্মানহানি ঘটাতে পারেন। এমতাবস্থায় নিজের নিরাপত্তা ও ভবিষ্যতের আইনি সুরক্ষার স্বার্থে তিনি থানায় জিডি করতে বাধ্য হয়েছেন।
শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ বলেন, এ বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

