সুনামগঞ্জে ভারতীয় বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১
সুনামগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল করিম (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এসব পণ্য জব্দ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখের নেতৃত্বে পুলিশের একটি দল আব্দুজ জহুর সেতু এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়। চোরাচালানের অভিযোগে পিকআপসহ চালক আব্দুল করিমকে আটক করে থানায় নেওয়া হয়। তিনি ছাতক উপজেলার জহির আলীর ছেলে।
পুলিশ জানায়, জব্দকৃত ভারতীয় বিড়ির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা এবং চোরাচালানে ব্যবহৃত টয়োটা ডিআই পিকআপটির মূল্য প্রায় ১০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের বাজারমূল্য ২৬ লাখ ৮০ হাজার টাকা।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের নির্দেশনায় শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিক ও তার দল এই অভিযান পরিচালনা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিক বাদী হয়ে গ্রেফতারকৃত আব্দুল করিম, পলাতক এক ব্যক্তি এবং অজ্ঞাতনামা আরও দুজনসহ মোট চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
