অবশেষে ঢাকায় গ্রেফতার ছাতকের আওয়ামী লীগ নেতা স্বপন
সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা স্বপন মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত স্বপন মিয়া দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিন নগর গ্রামের মৃত আবদুল মন্নানের ছেলে এবং বর্তমানে ছাতক পৌর শহরে বসবাস করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে ছাতক পৌর শহরের তাহির প্লাজার সামনে থেকে স্থানীয় জনতা স্বপন মিয়াকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে অভিযোগ ওঠে, পুলিশ হেফাজতে নেওয়ার পর চিকিৎসা দেওয়ার নাম করে তাকে অ্যাম্বুলেন্সযোগে সিলেট পাঠানোর পথে ছেড়ে দেওয়া হয়েছে।
এই খবর ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ‘ছাতকের সর্বস্তরের নাগরিকবৃন্দ’-এর ব্যানারে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিক্ষুব্ধ জনতা এ ঘটনায় ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের প্রত্যাহার দাবি করেন।
জনগণের চাপের মুখেই মূলত পুলিশ তৎপর হয় এবং সোমবার রাতে ডিএমপির রমনা থানা এলাকা থেকে স্বপনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে ছাতক থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
