পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক
মশক নিধনের পাশাপাশি জনসচেতনতায় জোর, আঙিনা পরিষ্কার রাখার আহ্বান
নিজের বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, যেখানে-সেখানে ময়লা না ফেলা কিংবা কোথাও পানি জমতে না দেওয়া—এমন ছোট ছোট সচেতনতাই পারে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়তে শুধু সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর না করে নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এই বার্তা নিয়ে তিনি নিজেই মাঠে নেমেছেন। এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটে যাওয়ার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের উদ্বুদ্ধ করছেন পরিচ্ছন্নতা বজায় রাখতে।
মশক নিধন ও এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভা ধ্বংসের লক্ষ্যে সিলেট নগরীর সব কটি ওয়ার্ডে একযোগে বিশেষ অভিযান চালাচ্ছে সিসিক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নগরীর জল্লারপাড় এলাকায় চলমান এ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তবে তাঁর এ পরিদর্শনের উদ্দেশ্য শুধু কর্মীদের কাজ তদারকি করা নয়; বরং নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা তৈরি করা।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। নির্ধারিত স্থানে ময়লা ফেলা, বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক করেন। এ সময় কিছু বাড়ির আশপাশে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং নিজ দায়িত্বে সেগুলো পরিষ্কার করার অনুরোধ জানান। পাশাপাশি পথচারী ও বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেন তিনি।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে চাই। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমবে এবং মশাবাহিত রোগ থেকেও সুরক্ষা পাওয়া সম্ভব হবে। বিশেষ করে ডেঙ্গুর বিস্তার রোধে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। নিজেদের আঙিনা নিজেদেরই পরিষ্কার রাখতে হবে।
তিনি আরও বলেন, “সিটি করপোরেশনের কর্মীরা দিনরাত কাজ করছেন। কিন্তু একদিকে কর্মীরা পরিষ্কার করছেন, অন্যদিকে অনেকে ড্রেন ও রাস্তায় নির্বিচারে ময়লা ফেলছেন। এভাবে চলতে থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। পরিচ্ছন্ন নগর গড়ার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নাগরিকদের সক্রিয় সহযোগিতা ছাড়া কোনোভাবেই পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়।
মশার ওষুধের কার্যকারিতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সব সিটি করপোরেশন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের একই উৎস থেকে মশার ওষুধ সংগ্রহ করে। বিভিন্ন পর্যায়ে কার্যকারিতা যাচাইয়ের পরই তা প্রয়োগ করা হয়। তবে শুধু ওষুধ ছিটিয়ে মশা নির্মূল সম্ভব নয়; এর সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস ও চারপাশ পরিচ্ছন্ন রাখাও সমান জরুরি।
আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সিলেটে এখনো এডিস মশার বিস্তার ভয়াবহ রূপ নেয়নি। তবে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মশক নিধন ও লার্ভা ধ্বংসের কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালিত হচ্ছে, যাতে কারও জীবনহানি বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

