ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচির মৃত্যু
সুনামগঞ্জের ছাতকে পাওনা টাকাকে কেন্দ্র করে ভাতিজার ধারালো টেঁটার উপর্যুপরি আঘাতে হানিফা বেগম (৫০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরদুর্লভ গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হানিফা বেগম ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চরদুর্লভ গ্রামের বাসিন্দা লাল মিয়ার সঙ্গে একই গ্রামের আবদুল হান্নানের দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবদুল হান্নানের ছেলে জামাল উদ্দিন (৪০) দেশীয় অস্ত্র টেঁটা নিয়ে তাঁর চাচা লাল মিয়ার ওপর চড়াও হয়।
এ সময় স্বামীকে বাঁচাতে স্ত্রী হানিফা বেগম দ্রুত এগিয়ে এলে ভাতিজা জামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর ধারালো টেঁটা দিয়ে উপুর্যপরি আঘাত করে। টেঁটার আঘাতে হানিফা বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে কৈতক ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর বিকেল পৌনে ৪টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে বিকেলে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন (পিপিএম) ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্তের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, পাওনা টাকা সংক্রান্ত পারিবারিক কলহের জেরে টেঁটার আঘাতে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে।
