সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ
সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর জেদ্দা, মক্কা ও তায়েফে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রশাসনের জারি করা সতর্কবার্তায় স্থানীয়দের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারের সুরক্ষা নির্দেশিকা মেনে চলার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্সের তথ্যমতে, ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সিসের মাধ্যমে এই জরুরি সতর্কতাগুলো পাঠানো হয়। তবে, সম্ভাব্য বিপদের সুনির্দিষ্ট ধরন বা কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সতর্কবার্তায় বাসিন্দাদের শান্ত থাকার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে, অবিলম্বে নিকটস্থ নিরাপদ আশ্রয় স্থানে যেতে বলা হয়েছে। বিশেষ করে জানালা থেকে দূরে কোনো ভবনের ভেতরের কক্ষে অবস্থান নিতে এবং বিপদ না কাটা পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে।
এ ছাড়া খোলা জায়গা, জানালা, ব্যালকনি ও ছাদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে সিভিল ডিফেন্স। বাইরে থাকা ব্যক্তিদের দ্রুত নিকটস্থ ভবনে ঢুকতে বা কোনো মজবুত কিছুর পেছনে আশ্রয় নিতে বলা হয়েছে।
গাড়িচালকদের সতর্কবার্তা পাওয়া মাত্রই সেতু ও উঁচু ভবন থেকে দূরে গাড়ি থামানোর নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে, সাধারণ মানুষকে জনসমাগম ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে অফিসিয়াল মাধ্যমের নির্দেশাবলী অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে সংঘাত বৃদ্ধি পাওয়ার মধ্যে এই সতর্কতা জারি করা হলো। গত কয়েক দিনে হুথিরা সৌদি শহর ও অবকাঠামো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যার জবাবে সৌদি বাহিনীও ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালায়। সূত্র- আনাদোলু এজেন্সি

