হুতির অস্ত্রভাণ্ডারে বিমান হামলা
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইয়েমেন সরকারপন্থি ‘ওয়েস্ট কোস্ট’ সংবাদমাধ্যম জানায়, আল-জুবাহ জেলায় হুতির অস্ত্রের গুদামগুলোতে এসব হামলা চালানো হয়। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, হারিব জেলায় হুতির অনুপ্রবেশের প্রচেষ্টাও নস্যাৎ করে দিয়েছে ইয়েমেনি বাহিনী। অন্যদিকে, তাইজ সামরিক কমান্ডের গণমাধ্যম শাখা জানিয়েছে, তাইজ বিমানবন্দরে হুতি গোষ্ঠীর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে বিমান হামলা চালানো হয়েছে।
স্থানীয় সূত্রগুলো আরও জানিয়েছে, তাইজের পূর্বাঞ্চলীয় খাদির এলাকায় স্থানীয় পরিষদ ভবনে হুতি নেতাদের একটি বৈঠক চলাকালে সেখানেও চালানো হয় বিমান হামলা।
হুতি ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্র হয়ে ওঠার মধ্যেই এসব হামলার খবর এলো। সাম্প্রতিক কয়েক সপ্তাহে তাইজ প্রদেশে হুতির অবস্থান, সামরিক শক্তিবৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলেও বিমান হামলা চালায়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার।
২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করার পর থেকেই সংঘাতে জর্জরিত দেশটি। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ শুরু করে।

