জগন্নাথপুরে ট্রাফিক আইন অমান্যকারীদের জরিমানা, ৩ মোটরসাইকেল জব্দ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক পরিবহন আইন নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর থানার সামনের প্রধান সড়কে এ অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় ৩টি মোটরসাইকেল জব্দ এবং ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকা এবং আইন লঙ্ঘনের দায়ে তিন চালকের কাছ থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জগন্নাথপুর থানার এসআই মো. মতিউর রহমান। এসময় তার সঙ্গে ছিলেন এসআই মুস্তাফির রহমান বিশ্বাস, ট্রাফিক পুলিশের এসআই লোকমান হোসাইনসহ পুলিশের একটি দল।
সংশ্লিষ্টরা জানান, সড়কে অনিয়ম রোধ, মোটরসাইকেল চালকদের আইন মেনে চলা এবং কাগজপত্র হালনাগাদ রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইন ও নিরাপত্তা নিয়মাবলি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে, পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে।
জগন্নাথপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
