কমলগঞ্জে ব্র্যাক মাঠকর্মীর বিরুদ্ধে প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও বেসরকারি সংস্থা ব্র্যাকের এক মাঠকর্মীর বিরুদ্ধে ৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত, অনৈতিক সম্পর্ক এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পিতা ইউসুফ মিয়া (৬০) বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারীর ছেলে জহির মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী। তার স্ত্রী লাবলী বেগম বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে ৪ লাখ টাকা ঋণ গ্রহণের সময় সংস্থাটির মাঠকর্মী মোকাব্বীর হোসেনের (মামুন মিয়া) সঙ্গে পরিচিত হন। এক পর্যায়ে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে দাবি করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, প্রবাসী জহির মিয়ার ঋণের ৪ লাখ টাকা এবং তাদের জমানো আরও ২ লাখ ৯০ হাজার টাকাসহ মোট ৬ লাখ ৯০ হাজার টাকা লাবলী বেগম ও মাঠকর্মী মোকাব্বীর হোসেন যোগসাজশে আত্মসাত করেছেন। এছাড়া তাদের অনৈতিক সম্পর্কের ভিডিও কলের স্ক্রিনশটও প্রবাসী জহির মিয়ার কাছে রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইউসুফ মিয়া আরও জানান, গত ১২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে মোকাব্বীর হোসেন তার বাড়িতে গেলে তিনি টাকা আত্মসাত ও ছেলের স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চান। এ সময় তাকে গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তিনি রক্ষা পান। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্র্যাকের মাঠকর্মী মোকাব্বীর হোসেন (মামুন মিয়া) তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি ব্র্যাকের ঋণের কিস্তি সংগ্রহের কাজে গিয়েছিলাম। আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, টাকা আত্মসাত, অনৈতিক সম্পর্ক ও হুমকির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
