কোম্পানীগঞ্জে অনলাইন জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার, মোবাইলসহ আটক ১
সিলেটের কোম্পানীগঞ্জে অনলাইন জুয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর রাতে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়নের পুরান বালুচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়াড়ির নাম মো. রোমান আহমদ (২০)। তিনি কোম্পানীগঞ্জ থানার কালাইরাগ এলাকার ফজলু মিয়ার ছেলে। বর্তমানে তিনি পুরান বালুচরের শান্তি বাজার এলাকায় বসবাস করেন।
র্যাব-৯ জানায়, ১২ সেপ্টেম্বর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, পুরান বালুচর এলাকার রোমান আহমদের বসতবাড়িতে একটি চক্র অনলাইনে জুয়া খেলছে। রাত পৌনে ১১টার দিকে র্যাবের একটি আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোমান আহমদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমান জানায়, সে দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছিল। বিভিন্ন অ্যাপস (যেমন— কী৮.কম, ১এক্সবেট এবং বেট৯৯৯) ব্যবহার করে সে সাধারণ মানুষকে জুয়ায় উৎসাহিত করত এবং তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পৌঁছে দিত। তার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও গ্যালারি পর্যালোচনা করে জুয়ার টোকেন আদান-প্রদান এবং বিপুল পরিমাণ অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
র্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামিকে এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জনসাধারণকে নিরাপদ রাখতে এবং সমাজ থেকে জুয়া ও মাদকের মতো অপরাধ নির্মূলে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

