কুলাউড়ায় নাগরিক-সরকার রিপোর্টিং ব্যবস্থা শক্তিশালীকরণে কর্মশালা
মৌলভীবাজারের কুলাউড়ায় ‘জলবায়ু-সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক স্থানীয় শাসনের জন্য নাগরিক-সরকার রিপোর্টিং ব্যবস্থা’ শীর্ষক একটি পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে ডিনেট (Dnet)-এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডিনেট-এর নির্বাহী পরিচালক মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় পর্যায়ে নাগরিকদের কণ্ঠস্বরকে সরকারি নীতি-নির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবা ও সুযোগ-সুবিধায় প্রবেশাধিকার সহজ করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সামাজিক সুরক্ষা, জীবিকা উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ অনেক সরকারি সেবা থাকলেও তথ্য ও যোগাযোগের অভাবে নারী, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র কৃষক ও যুবসমাজের একটি বড় অংশ এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নাগরিক উদ্বেগ বা সমস্যাগুলো সঠিক উপায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে তুলে ধরা এবং এর বিপরীতে কার্যকর সরকারি পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, এলজিইডি প্রকৌশলী প্রীতম শিকদার জয়, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মহিউদ্দিন তুহিন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবী।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ইউপি সদস্য কয়ছর রশীদ ও সিলভেস্টার পাঠাং। গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি শাকিল রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
ডিনেট-এর পক্ষ থেকে প্রজেক্ট ম্যানেজার আসিফ আহমেদ তন্ময়, প্রজেক্ট অফিসার আবদুল্লাহ আল রাশেদ ও ফিল্ড ম্যানেজার রাজিব সালেকিনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা কর্মশালায় তাদের মতামত তুলে ধরেন। আয়োজকরা জানান, সরকারি সেবার মান উন্নয়ন এবং নাগরিক অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে একটি জবাবদিহিমূলক স্থানীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাই এই কর্মশালার মূল লক্ষ্য।
